হোম > জাতীয়

সেন্ট মার্টিনে অবৈধ রিসোর্টের প্রশ্নে সংসদে যা বললেন পরিবেশ প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

সেন্ট মার্টিনে অবৈধভাবে রিসোর্ট নির্মাণ ও অন্যান্য কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, সম্প্রতি সেন্ট মার্টিন পরিদর্শনের সময় স্থানীয় ও জেলা প্রশাসনের নজরে বিষয়টি আনা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ রোববার জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সদস্য বীথিকা বিনতে হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

২৩০০ একর বনভূমি উদ্ধারের দাবি

সংসদে প্রশ্নোত্তর পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ দখলে থাকা বনভূমি চিহ্নিত করে জেলা প্রশাসনের কাছে তালিকা পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এসব বনভূমি উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।

এদিকে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বাড়ছে। এর ফলে বিশ্বব্যাপী তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।