হোম > জাতীয়

যোগ দিয়েই কর্মকর্তাদের সঙ্গে দুদকের নতুন চেয়ারম্যানের মতবিনিময়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কাজের যোগ দেওয়ার প্রথম দিনেই কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

১৬৭ দিন কমিশনশূন্য থাকার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া আজ প্রথমবারের মতো অফিস করছেন। সকাল ৯টার দিকে তাঁরা দুদক কার্যালয়ে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর সকাল ১০টায় কর্মকর্তাদের সঙ্গে পূর্ব নির্ধারিত মতবিনিময় সভায় অংশ নেন। 

সভায় দুদক সচিব সাইদুর রহমান এবং মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদকের একটি সূত্র জানায়, নবনিযুক্ত চেয়ারম্যান ও দুই কমিশনারের আজ জাতীয় স্মৃতিসৌধ যাওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নিয়োগ পাওয়া কমিশনের তিনজন মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেন। দুদক সচিব সাইদুর রহমান খান বিষয়টি জানিয়েছেন।

গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপন সূত্র এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো।

এর মধ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী তাঁদের হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করে। পরে চেয়ারম্যান ও দুই কমিশনারের নাম চূড়ান্ত করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।