কর্ণফুলী টানেল নির্মাণের বাস্তবায়নপ্রক্রিয়া এবং বর্তমান আর্থিক লোকসানের কারণ তদন্ত করবে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
আজ শনিবার জাতীয় সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে কর্ণফুলী টানেলের সম্ভাব্যতা সমীক্ষা, বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের কারণ নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন চলমান ১ হাজার ১৫৩টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আগের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রকল্পের তালিকা কমিটির সদস্যদের দেওয়া হয়।
প্রকল্পগুলোর পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র উপস্থাপন করে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, সে বিষয়ে কমিটিকে অবহিত করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে ২৫৬টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণও বৈঠকে তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভূমি অধিগ্রহণে জটিলতা, আমদানিনির্ভরতা, প্রকল্প পরিচালক নিয়োগে সমস্যা, প্রকল্পের যথাযথ সম্ভাব্যতা যাচাই না করা, সময়মতো অর্থ ছাড় না হওয়া এবং আন্তমন্ত্রণালয় বিরোধসহ বিভিন্ন কারণে প্রকল্পগুলোর মেয়াদ বাড়াতে হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দূর করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করে কমিটি।
বৈঠকে জানানো হয়, প্রকল্প পরিচালক নিয়োগের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নীতিমালাটি চূড়ান্ত হলে প্রকল্প পরিচালক নিয়োগের জটিলতার গুণগত সমাধান হবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রকল্প বাস্তবায়নে অঞ্চলভিত্তিক বৈষম্যের বিষয়গুলো বিবেচনায় নেওয়া এবং ন্যায্যতার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রচেষ্টা চলছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের ২২১টি শূন্য পদের বিপরীতে বিভিন্ন গ্রেডে ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বৈঠকে জানানো হয়। শূন্য পদের বিপরীতে সুপরিকল্পিত কর্মভার নির্ধারণ করে অগ্রাধিকারভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন কমিটির সভাপতি।
কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম ও মো. রাশেদুল ইসলাম রাশেদ।