হোম > জাতীয়

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী ড্যানী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এ টি এম আব্দুল বারী ড্যানী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ টি এম আব্দুল বারী ড্যানী।

আজ রোববার বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেলে তিনি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এর আগে সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি। পরে রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত দায়িত্বে থাকা চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় বিআইডব্লিউটিসির পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ টি এম আব্দুল বারী ড্যানী ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক (সম্মান) এবং ১৯৯৪ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে এ টি এম আব্দুল বারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৪ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক।

১৯৭১ সালের ১ মার্চ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এ টি এম আব্দুল বারী ড্যানী। তাঁর বাবা মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এবং মা জহুরা বেগম। তাঁর স্ত্রী ফারজানা বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক। এই দম্পতির দুই সন্তান রয়েছে।