হোম > জাতীয়

ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ, কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে চার মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুয়া কাগজপত্র তৈরি করে কয়লা আমদানি ও খালাস দেখিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় অর্থ আত্মসাৎকারী চারটি প্রতিষ্ঠানের মালিক ও ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন—মেসার্স আয়শা ট্রেডিংয়ের মালিক মোছা. ফাতেমা বেগম, মেসার্স তাহমিদ ট্রেডিংয়ের মালিক নাজমা খাতুন, মেসার্স এস এ. করপোরেশনের মালিক মো. জাহাঙ্গীর আলম ও মেসার্স এস রেজা এন্টারপ্রাইজের মালিক মো. শাহীন রেজা।

এ চার মামলার প্রতিটিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যশোরের নওয়াপাড়া শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বৈদেশিক বাণিজ্য বিভাগের কর্মকর্তা খান মো. হাফিজুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও মিথ্যা হিসাবপত্র তৈরি করে এলসির বিপরীতে কোনো প্রকার মার্জিন না দিয়ে মোংলা বন্দর থেকে কয়লা আমদানি ও খালাস করেন। কিন্তু তাঁরা ব্যাংকের অর্থ পরিশোধ করেননি। এভাবে ২০২৩ সালের ১১ অক্টোবর থেকে ২০২৪ সালের ২২ এপ্রিল পর্যন্ত ৫২ লাখ ৭৬ হাজার ৪৬৮ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২ কোটি ১৭ লাখ টাকার কয়লা আত্মসাৎ করা হয়।

একই পদ্ধতিতে মেসার্স তাহমিদ ট্রেডিংয়ের মালিক নাজমা খাতুন ও ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমান ২০২২ সালের ২ মে থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ২৬ লাখ ১৬ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি ৯১ লাখ ৫২ হাজার টাকা আত্মসাৎ করেন।

তৃতীয় মামলায় মেসার্স এস এম করপোরেশনের মালিক মো. জাহাঙ্গীর আলম ও হাফিজুর রহমান ২৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩২ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকার কয়লা আমদানির নামে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেন।

চতুর্থ মামলায় মেসার্স এস রেজা এন্টারপ্রাইজের মালিক মো. শাহীন রেজা ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত এলসির বিপরীতে কোনো মার্জিন না দিয়ে কয়লা আমদানি ও খালাস দেখিয়ে ৮ লাখ ৮৮ হাজার ৮৮০ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১০ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ চার মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ ক/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

উচ্চ তাপমাত্রা এবং করণীয় নিয়ে ফায়ার সার্ভিসের নামে ছড়ানো বার্তাটি ভুয়া

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে: সড়ক পরিবহনমন্ত্রী

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

দূরপাল্লার বাসভাড়া নিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বোয়ালমারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

বিএনপি ধমনিতে জুলাই সনদ ধারণ করে: আইনমন্ত্রী