হোম > জাতীয়

১৫ সরকারি মেডিকেলের নেফ্রোলজি ইউনিটে অস্থায়ীভাবে ২২০ পদ সৃজন

বাসস, ঢাকা  

দেশের ১৫টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার নেফ্রোলজি ইউনিট ও ডায়ালাইসিস সেন্টারের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ২২০টি পদ সৃজন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে ২৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বছরভিত্তিক সংরক্ষণের ভিত্তিতে এসব পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হয়েছে। সৃজিত পদের মধ্যে সিনিয়র স্টাফ নার্স ও মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ রয়েছে।

সিনিয়র স্টাফ নার্স পদ গ্রেড-১০-এ ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতনক্রম নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ডে সিনিয়র স্টাফ নার্সের ২টি এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) ২টি পদ সৃজন করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও একই সংখ্যক পদ রয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের ১২টি এবং মেডিকেল টেকনিশিয়ানের ২টি পদ সৃজন করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যথাক্রমে ১২টি ও ৬টি, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি পদ সৃজন করা হয়েছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের ১২টি ও মেডিকেল টেকনিশিয়ানের ৬টি, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি এবং সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৩টি পদ রয়েছে।

ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জন্যও সিনিয়র স্টাফ নার্স ও মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ সৃজন করা হয়েছে।

সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের যোগ্যতা সেবা পরিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬-এর সংশ্লিষ্ট তফসিল অনুযায়ী নির্ধারিত হবে। আর মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি (বিজ্ঞান) পাস হতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো হাসপাতালে প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদগুলো সৃজনের সরকারি আদেশ অর্থ বিভাগ কর্তৃক পৃষ্ঠাঙ্কন করার তারিখ থেকে সৃজিত বলে গণ্য হবে। পদ সৃজনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট হাসপাতালের সাংগঠনিক কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন করাতে হবে।

নিয়োগবিধি না থাকা পদগুলোর জন্য নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। বিদ্যমান টিওঅ্যান্ডইতে নতুন সৃজিত পদ অন্তর্ভুক্ত করে পদগুলো অস্থায়ী হিসেবে চিহ্নিত করতে হবে এবং হালনাগাদকৃত টিওঅ্যান্ডইর একটি কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যাবতীয় বাজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে মেটানো হবে। পদ সৃজনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সব শর্ত প্রযোজ্য হবে।

পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি এবং প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।