হোম > জাতীয়

রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও হকারমুক্ত ফুটপাতসহ ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিট থেকে বেলা ১টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে চার ঘণ্টার এই পরিদর্শনে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ, পরিচ্ছন্নতা, নাগরিক সেবার মান ও ব্যবস্থাপনা সরেজমিনে দেখেন তিনি। কোথাও অপরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন, আবার কোথাও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময় বেঁধে দেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দিনের শুরুতে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। পরে রাজধানীর বিভিন্ন এলাকার হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও ফুটপাত ঘুরে দেখেন তিনি।

হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা পরিদর্শন

পরিদর্শনের একপর্যায়ে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে যান প্রধানমন্ত্রী। সেখানে সহযোগী অধ্যাপক চিকিৎসক রফিকুল ইসলামের কক্ষে তাঁকে ধূমপান করতে দেখেন। চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতেও কর্তৃপক্ষকে সময় বেঁধে দেন তিনি।

এর আগে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাত দিন সময় দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য দুই সপ্তাহের সময় দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, পরিদর্শনকালে বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নাগরিক সেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সকাল ৯টা ১০ মিনিটে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনের পর রাজউক উত্তরা মডেল কলেজে যান প্রধানমন্ত্রী। এরপর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। সেখান থেকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ঘুরে দেখেন তিনি। পরিদর্শন করেন সরকারি বাংলা কলেজও।

এরপর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এসব প্রতিষ্ঠানের পরিবেশ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি।

পরে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান তারেক রহমান। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান শিক্ষার্থীদের।

এরপর ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

হকারমুক্ত ফুটপাতও ঘুরে দেখেন

পরিদর্শনকালে ফুটপাতের পরিস্থিতিও সরেজমিন দেখেন তারেক রহমান। মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাত পরিদর্শন করেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। পথচারীদের চলাচলের উপযোগী ফুটপাত বজায় রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়টি এ পরিদর্শনে গুরুত্ব পায়।

আকস্মিক পরিদর্শনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সেবার মান, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনার পরিস্থিতি বোঝার চেষ্টা করেন বলে জানান উপপ্রেস সচিব হাসান শিপলু।

সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

জাবির অধ্যাপক নাহরিন ইসলাম খান হলেন প্রধান তথ্য কমিশনার

কর্ণফুলী টানেলের লোকসানের কারণ তদন্ত করবে সংসদীয় কমিটি

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, ২ সপ্তাহের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ

মিরপুর-১০ নম্বরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

দুর্গাপূজায় নাশকতার হুমকির তথ্য নেই, স্বার্থান্বেষী মহল চেষ্টা করতে পারে: ফায়ার সার্ভিস

অগ্নিনিরাপত্তা লাইসেন্স নেই টুপটুপ রিসোর্টের, জুনে দেওয়া হয় নোটিশ: ফায়ার সার্ভিসের ডিজি

স্মৃতিবিজড়িত ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী, দিলেন দেশ গড়ার বার্তা

শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগের হামলার পরও সাংবাদিক আলিফের নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক: আসক