হোম > জাতীয়

ট্রাকচালক হোসেন হত্যা

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ১৩ আগস্ট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ১৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই দিন ধার্য করেন।

আসামি পক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে ফোরকান নামে এক আসামি আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ থেকে চার্জ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। একই সঙ্গে আসামি পক্ষ থেকেও আইনজীবীরা সময়ের আবেদন করেন। আদালত এসব আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

বাকিরা হলেন আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি এবং নাইমুল হাসান রাসেল।

এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিদের মধ্যে পলক, সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান বর্তমানে কারাগারে রয়েছেন। এ ছাড়া জামিনে রয়েছেন ১০ জন।

সাবেক রাষ্ট্রপতি ও শেখ হাসিনার ফোনালাপের তথ্য সরকারের কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-শিল্প সুরক্ষায় গঠিত হচ্ছে বিশেষ কমিটি, সহজ ঋণ ও সৌরবিদ্যুতের আশ্বাস প্রধানমন্ত্রীর

আশকোনা হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসনের ব্যবস্থা

তীব্র শব্দদূষণ ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণে রুল

রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ ও গণমাধ্যমের ভূমিকার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চালু থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভবিষ্যতে ফিফা বিশ্বকাপ সম্প্রচার থেকে মুনাফা করবে সরকার: তথ্যমন্ত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনা-বেনজীর-বদির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সিনিয়র সচিব