হোম > জাতীয়

প্রতিদিন ট্রেনে ৬০ থেকে ৬৫ হাজার যাত্রীর চাপ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। যাত্রীচাপ বাড়তে থাকায় অতিরিক্ত ট্রেন, কোচ সংযোজন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সাড়ে ১০টার দিকে ট্রেনের ঈদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম।

স্টেশন ম্যানেজার আরও বলেন, ঈদযাত্রার পঞ্চম দিনে ঢাকা স্টেশন থেকে মোট ৪৪টি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ২১টি ট্রেন ইতিমধ্যে ছেড়ে গেছে। এর মধ্যে শুধু নীলসাগর এক্সপ্রেস ৪৫ মিনিট বিলম্বে ছেড়েছে, বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই চলাচল করছে।

মো. সাজেদুল ইসলাম বলেন, ঈদযাত্রার শুরু থেকেই সময়ানুবর্তিতা বজায় রেখে ট্রেন পরিচালনা করা হচ্ছে এবং শেষ দিন পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আসা-যাওয়া মিলিয়ে ৪৪ জোড়া ট্রেন চলাচল করছে। আর ঈদ উপলক্ষে ৫ জোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এর মধ্যে ঈদের দিনে ২ জোড়া এবং বাকি ৩ জোড়া ট্রেন এরইমধ্যে চলাচল শুরু করেছে। পাশাপাশি যাত্রীদের চাপ সামাল দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনে ব্রডগেজ ও মিটারগেজে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার, বিজিবি, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। স্টেশন ও ট্রেনে নিয়মিত ঘোষণা দিয়ে যাত্রীদের সচেতন করা হচ্ছে, বিশেষ করে ট্রেনের ছাদে ভ্রমণ যে ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয়—সে বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে।

তবে অতিরিক্ত যাত্রীচাপের কারণে সব সময় শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে জানান সাজেদুল ইসলাম। নীলসাগর এক্সপ্রেসে ছাদে যাত্রী ওঠার প্রসঙ্গে তিনি বলেন, ছাদে উঠে পড়া যাত্রীদের নামাতে গেলে ট্রেনের সময়সূচি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। ফলে শিডিউল ঠিক রাখতে কখনো কখনো কিছু যাত্রী ছাদে অবস্থান নিয়েই ট্রেন ছেড়ে দেওয়া হয়।

টিকিট কালোবাজারি রোধে নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন স্টেশন ম্যানেজার বলেন, গতকাল মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন টিকিট কালোবাজারিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল বিকাল থেকে যাত্রীচাপ বাড়তে শুরু করেছে এবং আজও সকাল থেকে স্টেশনে ব্যাপক ভিড় দেখা গেছে। ঈদের দিন যত ঘনিয়ে আসবে, এই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি

সময় চাহিয়া লজ্জা দিবেন না—বাজেট আলোচনায় স্পিকার

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব: সংসদে জামায়াত এমপির কটাক্ষ

৫০ শতাংশের বেশি এডিসের লার্ভা মিলেছে রেস্তোরাঁ-বাসাবাড়িতে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থরক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া-চীন সফর প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন