সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকের ভেতরে আটকে পড়া এক চালককে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার আলীনগর এলাকায় টিকরপাড়ার জায়গীরদার বাজার সংলগ্ন সিলেট-বিয়ানীবাজার সড়কে এ দুর্ঘটনার কবলে পড়েন আশিকুর রহমান নামের ওই ব্যক্তি।
আজ বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, ওই সড়কে একটি মিনি-ট্রাক ও একটি ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। ঘটনার পর এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শিল্পী খাতুন। পরে ৯৯৯ এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় করেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও বিয়ানীবাজার থানার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাম্পট্রাকের ভেতরে আটকে থাকা চালক আশিকুর রহমানকে (৪৫) উদ্ধার করে।
পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা সাব-অফিসার আকরামুল ইসলাম ৯৯৯ কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করেন।