হোম > জাতীয়

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপিত হবে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ৬টা ১মিনিটে শাহবাগের জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১১টায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভায় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের প্রতিনিধি এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী প্রকাশ করা হবে। বিশেষ ক্রোড়পত্র, স্মারক প্রকাশনা ও নিবন্ধ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি সম্প্রচার মাধ্যমগুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করবে। এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল মিশনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে।

দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা প্রশাসকদের ব্যবস্থাপনায় দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের ৬৪টি জেলায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হবে। ঢাকা মহানগরসহ সকল সিটি করপোরেশন ও পৌরসভায় জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, সামরিক জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরসহ দেশের সকল সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্রসমূহ শিশুদের জন্য দিনব্যাপী উন্মুক্ত রাখা হবে। পাশাপাশি দেশের সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হবে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ভবন ও স্মৃতিস্তম্ভ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হবে। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভার পাশাপাশি রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, হুঁশিয়ারি দিয়ে প্রত্যাহার বিদ্যুৎ বিভাগের

জুলাইয়ে নির্যাতন ও হয়রানির শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন মা-বাবা

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইনের খসড়া অনুমোদন