হোম > জাতীয়

ঈদযাত্রায় ট্রেনে জাল টিকিটে ধরা পড়ছেন অনেক যাত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কমলাপুর স্টেশনের প্রবেশমুখে এবং ট্রেনের ভেতরে চেকিংয়ের সময় অনেক যাত্রীর জাল টিকিট শনাক্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি: আজকের পত্রিকা

কম্পিউটারের দোকান থেকে অনলাইনে কাটা টিকিটের পিডিএফ কপি নিয়ে ট্রেনে ঈদযাত্রার সময় বিপাকে পড়ছেন অনেক যাত্রী। স্টেশনের প্রবেশমুখে এবং ট্রেনের ভেতরে চেকিংয়ের সময় এসব জাল টিকিট শনাক্ত করা হয়েছে। এই জাল টিকিট নিয়ে ধরা পড়ার পর অনেক যাত্রী স্বীকার করছেন, তাঁরা কম্পিউটারের দোকান থেকেই টিকিট কেটেছেন।

আজ মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়। সকাল ৯টা ১০ মিনিটে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় ওই ট্রেনেও এমন কয়েকজন যাত্রী শনাক্ত হন।

ঘটনাস্থলে দেখা যায়, রংপুর এক্সপ্রেস ট্রেনের একই টিকিটের পিডিএফ কপি তিন যাত্রীর কাছে রয়েছে। ট্রেনে সিটে বসা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তাঁরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে যাচাই করে দেখা যায়, তিনজনের মধ্যে একজনের টিকিট বৈধ, বাকি দুজনের টিকিট জাল।

জাল টিকিটধারী যাত্রী মো. জুবায়ের হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘কম্পিউটারের দোকান থেকে টিকিট কেটেছিলাম। এটি জাল কিনা আমি জানতাম না। এখন আবার স্ট্যান্ডিং টিকিট কেটে বাড়তি টাকা দিয়ে যেতে হচ্ছে।’

কমলাপুর রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত টিটিই জানান, জাল টিকিট নিয়ে যাত্রা করতে আসা যাত্রীদের শনাক্ত করে জরিমানা করা হচ্ছে এবং তাঁদের স্ট্যান্ডিং টিকিট কেটে দেওয়া হচ্ছে। তবে গতবারের তুলনায় এই ধরনের ঘটনা কিছুটা কমেছে বলে তিনি দাবি করেন।

এদিকে মঙ্গলবার থেকে ছুটি শুরু হওয়ায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় ভিড় উল্লেখযোগ্যভাবে বেশি। প্রায় সব ট্রেনেই উপচে পড়া ভিড় দেখা গেছে। আসনের বাইরে দরজা ও বগির ভেতর দাঁড়িয়ে অনেক যাত্রীকে যাত্রা করতে দেখা যায়।

কমলাপুর স্টেশনের প্রবেশমুখে এবং ট্রেনের ভেতরে চেকিংয়ের সময় অনেক যাত্রীর জাল টিকিট শনাক্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি: আজকের পত্রিকা

রংপুর এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত যাত্রীদের উঠতে দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সকালে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে কিছু যাত্রী উঠেছিলেন।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত কমলাপুর থেকে ১৫টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে স্টেশন ত্যাগ করে। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। স্টেশনে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবু নির্ধারিত সময়ের পর স্টেশনে এসে অনেক যাত্রী ট্রেন মিস করেছেন।

এমনই এক যাত্রী হাসান মাহমুদ বুড়িমারী এক্সপ্রেসের টিকিট কেটেও নির্ধারিত সময়ের ৫ মিনিট পরে স্টেশনে এসে দেখেন, তাঁর ট্রেন ছেড়ে গেছে। তিনি বলেন, ‘এখন পরিবার নিয়ে কীভাবে যাব, বুঝতে পারছি না।’

অন্যদিকে নীলা চৌধুরী নামে আরেক যাত্রী বলেন, ‘আজ অফিস ছুটি হয়েছে, তাই পরিবার নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছি। অনেক কষ্টে টিকিট ম্যানেজ করেছি। এখন শুধু ভালোভাবে ট্রেনে উঠতে পারলেই স্বস্তি।’

‎আইন না জানাও একটা অপরাধ: আইজিপি

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

প্রতিদিন ট্রেনে ৬০ থেকে ৬৫ হাজার যাত্রীর চাপ

কমিশন না থাকায় কাজে অচলাবস্থা

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

ঈদযাত্রা: ছুটির শুরুতে স্টেশন-বন্দরে ভিড়

ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্ন হয়—এমন কোনো চ্যালেঞ্জ নেই: নৌপরিবহনমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫ বছরে দেশের ক্ষতি হয়েছে ২১ হাজার কোটি, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে সেনাবাহিনীর প্রশিক্ষণ দল