হোম > জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পসিকিউশন দপ্তরের সহকারী আদালত পরিদর্শক আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নয়টি ব্যাংক হিসাবে আসাদুজ্জামান কামালের ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা রয়েছে। কামালের অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবের মধ্যে জনতা ব্যাংক পিএলসিতে পাঁচ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা, ইউনিয়ন ব্যাংক পিএলসির তিনটা হিসাবে তিন কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৫৯৪ টাকা, সীমান্ত ব্যাংক পিএলসিতে এক কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৫৯৬ টাকা, সিটি ব্যাংক পিএলসির তিনটা হিসাবে এক কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৪২৬ টাকা ও সোনালী ব্যাংক পিএলসিতে ৮ লাখ ৬৭ হাজার টাকা রয়েছে।

দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ মোতাবেক আসাদুজ্জামান খান কামালের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করা হয়।

আবেদনে বলা হয়, আসাদুজ্জামান খান অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখে এবং নয়টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেন করেন। যা মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে তা রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করেছেন। তিনি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রি/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

তার ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

এর আগে, ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল, তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও কন্যা সাফিয়া তাসনিম খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। যদিও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি ভারতে পালিয়ে গেছেন।

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিল ১৭ বছরের কিশোর

ভিসার মেয়াদোত্তীর্ণ ও সংকটাপন্ন যাত্রীদের অগ্রাধিকার দিতে নির্দেশ বিমান-পর্যটনমন্ত্রীর

দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার

ভোটের ফল চ্যালেঞ্জ করে ৫ প্রার্থীর আবেদন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা

বগুড়া নয়, ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইউএস-বাংলার সাহসী পদক্ষেপে দুবাই থেকে উদ্ধার ৩৯ পাইলট ও ক্রু

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলে যানবাহনের গতি বেড়েছে

মধ্যপ্রাচ্যের ৬ গন্তব্যে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত