ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সারা দেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শনকারী বাছাই করা ৪০ কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক কাজের বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি শ্রেষ্ঠ ফায়ার স্টেশনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউস ইন্সপেক্টরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক।
মহাপরিচালক দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্যদের অপারেশনাল কাজের প্রশংসা করেন। সেবার মান আরও বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের নির্দেশনা দেন তিনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সারা দেশের প্রতিটি বিভাগে কমিটি গঠন করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাই করা হয়। এ ক্ষেত্রে পাম্প ড্রিল, ডেলিভারি হোজ লে-আউট, ফায়ার ফাইটিং স্যুট ও বিএ সেট পরিধান করে দ্রুত প্রস্তুত হওয়া, উদ্ধারকারী যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা, লেডার ক্লাইম্বিং ও সম্মিলিত ড্রিলের মতো অপারেশনাল দক্ষতা বিবেচনা করা হয়।
এ ছাড়া বিভিন্ন রেজিস্ট্রার সংরক্ষণ, দৈনন্দিন কার্যক্রম বাস্তবায়ন, স্টেশনের জ্বালানি হিসাব, সরঞ্জামের রক্ষণাবেক্ষণ, গণসংযোগ ও টপোগ্রাফি, শৃঙ্খলা, বদলি ও সংযুক্তির আদেশ বাস্তবায়ন, স্টেশন ও ব্যারাকের পরিচ্ছন্নতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জ্ঞানসহ বিভিন্ন বিষয়কে বাছাইয়ের মানদণ্ড হিসেবে নেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রাজশাহী জেলার উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন এমন ব্যতিক্রমী প্রতিযোগিতা ও পুরস্কার চালুর জন্য কৃতজ্ঞতা জানান। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওয়্যারহাউস ইন্সপেক্টর খালেদা ইয়াসমিনও পদোন্নতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক (অপা. ও মেইন.) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। তারা ফায়ার সার্ভিসের সাম্প্রতিক কার্যক্রম ও প্রশাসনিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ফায়ার সার্ভিসে দায়িত্ব পালনকালে সম্প্রতি মারা যাওয়া এক ড্রাইভার ও এক ইন্সপেক্টরকেও স্মরণ করা হয়।
এ সময় অধিদপ্তরের প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের উপপরিচালকসহ ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগ ও জেলার কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থল থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হন।