হোম > জাতীয়

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

জাহেদ উর রহমান। ফাইল ছবি

ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে সেখানে বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি ভারতে প্রবেশ না করে ফিরে আসার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টার ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর ভাষ্য, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর প্রায় এক ঘণ্টা তাঁকে বসিয়ে রাখা হয় এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন উপদেষ্টা হিসেবে তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষের আচরণ যথাযথ ছিল না বলে মনে করেন তিনি। এ পরিস্থিতিতে তিনি ভারতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন এবং অন্য একটি দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরার পথ বেছে নেন।

ডা. জাহেদ উর রহমান প্রতিমন্ত্রীর মর্যাদার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেও তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি রোববার বেলা ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ভারতের নজরদারি তালিকার ভিত্তিতে তাঁকে আটকে রাখা হয়।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ডা. জাহেদ উর রহমানের নাম ভারতের নিরাপত্তাসংশ্লিষ্ট নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত ছিল। দিল্লি বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা তাঁকে শনাক্ত করেন এবং পরবর্তী যাচাই-বাছাইয়ের জন্য তাঁকে আটক করা হয়। উদ্ধৃত সূত্র জানায়, প্রশাসনিক ত্রুটির কারণে ডা. জাহেদ উর রহমানের দিল্লিতে প্রবেশে সাময়িক বাধা তৈরি হয়েছিল। পরে অসংগতি চিহ্নিত করে তা সমাধান করা হলে কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারত বাংলাদেশের কয়েকজন ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল ব্লক করে। দেশটির কর্তৃপক্ষের দাবি ছিল, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ভারতবিরোধী। জানা গেছে, সেই তালিকায় ডা. জাহেদ উর রহমানের নামও রয়েছে।

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে তাঁর অংশগ্রহণের কথা ছিল। প্রতিনিধিদলের নেতা হিসেবে তাঁর সফরের বিষয়টি গত শুক্রবারই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু বিমানবন্দরে অবতরণের পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করায়।

জানা গেছে, এর আগে ডা. জাহেদের নাম ওয়াচলিস্টে ছিল। তবে পরে তা সরিয়ে দেওয়া হয়েছিল ওয়াচলিস্ট থেকে। তবে ইমিগ্রেশনের ওয়াচলিস্টে তবুও থেকে গিয়েছিল তাঁর নাম। এটা প্রশাসনিক জটিলতার কারণেই ঘটেছে এবং এর জন্যই ডা. জাহেদকে বিমানবন্দরে অপেক্ষা করতে বলা হয়েছিল। পরে অবশ্য জটিলতা কেটে গেলে তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

ঘটনাটি এমন একসময়ে ঘটল, যখন দুই দেশের সম্পর্ক নানা কারণে সংবেদনশীল পর্যায়ে রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তথাকথিত ‘পুশ ইন’ বা অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযোগ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। আবার সীমান্তে বিএসএফ গুলিও চালাচ্ছে। এই পরিস্থিতির তীব্র আপত্তি জানাচ্ছে ঢাকা।

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে থাকবে ইসলামী আন্দোলন

মানবতাবিরোধী অপরাধের আরও ২ মামলায় জিয়াউল–তারেক সাঈদকে হাজিরের নির্দেশ

অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চাই না—বিদ্যুৎ ও গ্যাস-সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী

আইডি হ্যাক, প্রতারণা, হয়রানি—সমাধান মিলবে এক প্ল্যাটফর্মেই

সৌদি আরবে কফিল নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ

পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রামরুর চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ

হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের সাক্ষাৎ

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায়: প্রধানমন্ত্রী