হোম > জাতীয়

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রাহুল শর্মা ও বিজনেস এডিটর শাহ আলম খান (বাঁ থেকে)। ছবি: আজকের পত্রিকা

‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন আজকের পত্রিকার বিজনেস এডিটর শাহ আলম খান ও জ্যেষ্ঠ প্রতিবেদক রাহুল শর্মাসহ ২২ জন সাংবাদিক। ‘উন্নয়নের নতুন হিসাব’ শিরোনামে চার পর্বের সিরিজ প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন শাহ আলম খান। অন্যদিকে ‘৫ কারণে দেশ ছাড়ছেন শিক্ষার্থীরা’ শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার অর্জন করেন রাহুল শর্মা।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন ২২ সাংবাদিক। ছবি: আজকের পত্রিকা

গণমাধ্যমে প্রকাশিত সেরা প্রতিবেদনের স্বীকৃতি দিতে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে মোট ২২টি ক্যাটাগরিতে ২২ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক থেকে নগদে নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

পুরস্কারের জন্য গঠিত ১০ সদস্যের জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনগুলো এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে।