সাক্ষাৎকার

আইজিপির সঙ্গে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাতে যান তিনি।

সাক্ষাতে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা ও ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন তিনি।

আইজিপি পারস্পরিক সহযোগিতা ও বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের আগ্রহকে স্বাগত জানান। তিনি দুই দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত ডায়ালগ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সাইবার নিরাপত্তা ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পুলিশ কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা কামনা করেন।

এই সাক্ষাতের সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।