হোম > জাতীয়

ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৬’-এ কৃতি পাঠকদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন তিনি। ছবি: ছবি: সংগৃহীত

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কাজ করছে। দুর্নীতির মূলোৎপাটন এবং মাদকের বিস্তার রোধ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

আজ সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৬’-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন নিতাই রায় চৌধুরী। শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি পাঠকদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য। দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা, সংস্কৃতি, সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি, রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি একটি কাঠামোগত রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছে। বিভিন্ন ঐতিহাসিক কারণে বাংলাদেশ পিছিয়ে পড়লেও জ্ঞান, সংস্কৃতি ও মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশকে পুনরায় এগিয়ে নেওয়া সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জ্ঞানের কোনো বিকল্প নেই। বই পড়ার অভ্যাস একজন মানুষকে আলোকিত করে এবং জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলে। তরুণ প্রজন্মকেই আগামী দিনের বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে সংস্কৃতি সচিব কানিজ মওলা জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে তরুণদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস তৈরি করার প্রতি গুরুত্ব দেন। নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনচর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এর এবারের আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের ৯টি গ্রন্থাগারের ৬৪৭ জন পাঠক অংশগ্রহণ করেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ‘ক’ ক্যাটাগরির পাঠকদের জন্য হুমায়ূন আহমেদের বৈজ্ঞানিক কল্পকাহিনি ‘তোমাদের জন্য ভালোবাসা’ এবং একাদশ শ্রেণি থেকে তদূর্ধ্ব পর্যায়ের ‘খ’ ক্যাটাগরির পাঠকদের জন্য জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস ‘আরেক ফাল্গুন’ নির্ধারণ করা হয়। চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে মোট ২০ জন পাঠককে সেরা পাঠক হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বইপ্রেমী পাঠক, গণগ্রন্থাগারের প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক, কথাসাহিত্যিক আফসানা বেগম।

নারীর নিরাপদ কর্মপরিবেশের বরাদ্দ কমেছে ১২ শতাংশ

চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে: তিতাস

গায়েহলুদের অনুষ্ঠানে নাচের আয়োজন বন্ধ করতে বললেন বিএনপির এমপি

জিয়াউলের মামলায় প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন­—বললেন চিফ প্রসিকিউটর

‘মবোক্রেসি’ শব্দ এক্সপাঞ্জের দাবি জামায়াতের, স্পিকার বললেন—এটি অশ্লীল নয়

সেনার পর এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়

শোকর করেন, অর্থমন্ত্রী অন্তত আছেন—সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্পিকার

শুভেন্দু অধিকারীর বক্তব্য ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অন্তরায়: সংসদে জিএম সিরাজ