স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সাত দিন মাঠে থাকবে। ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন। এবার নিরাপত্তায় অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে খুলনায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এই অঞ্চলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।
উপদেষ্টা বলেন, এই অঞ্চলে কোনো ধরনের আশঙ্কা নেই। নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোট ও ফলাফল নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাংবাদিকেরা যেন আগের মতোই সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ করেন। মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ কখনো কখনো পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতে পারে বলেও তিনি সতর্ক করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সভায় খুলনা অঞ্চলের ১০ জেলার প্রশাসনের ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।