হোম > জাতীয়

প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমির খসরু মাহমুদ চৌধুরী । ফাইল ছবি

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছে।

আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে সেটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিরোধী দলের সদস্যদের দেওয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিষ্পত্তি হয়।

গত ১৪ অক্টোবর এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছিল। চলতি অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হয়। এখন সেটিকে আইনে পরিণত করতে বিলটি পাস করা হলো।

বিলে বলা হয়েছে, প্রত্যেক নিবন্ধিত, তালিকাভুক্ত, নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে নির্ধারিত পদ্ধতিতে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে হবে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছিল।

তবে এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে বলে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা ও করদাতাদের কাছ থেকে লিখিত বক্তব্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আগের নিয়মে প্রতি কর মেয়াদ শেষে দাখিলপত্র জমা দেওয়ার বিধান ফিরিয়ে আনতে সংশোধনী বিলটি আনা হয়।