হত্যাকাণ্ডের শিকার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডিরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে এসে পৌঁছাবে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
তিনি পোস্টে বলেন, ‘জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে ২০২৬ সকাল ৮.৪০ মিনিটে।’
পোস্টে যুক্ত একটি ছবিতে লেখা হয়েছে, মরদেহ নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট আগামী ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো (এমসিও) থেকে রওনা হবে। দুবাইয়ে ট্রানজিট থাকবে।
এর আগে গতকাল রাত ৯টা ৪৮ মিনিটে দেওয়া এক পোস্টে গোলাম মোর্তোজা জানান, আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় যোহরের নামাজের পর ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়াতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ হওয়ার পর শুক্রবার (২৪ এপ্রিল) জামিল লিমনের মরদেহ উদ্ধার করে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস। এর পরপরই পুলিশি অভিযানে লিমনের রুমমেট ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে (২৬) গ্রেপ্তার করা হয়। সপ্তাহান্তের অনুসন্ধানে পুলিশ আরও কিছু দেহাবশেষ উদ্ধার করে, যা নাহিদা বৃষ্টির বলে ধারণা করা হচ্ছে।
জামিল লিমন পড়াশোনা করছিলেন জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিসি নিয়ে। আর নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণারত ছিলেন। সহপাঠীদের তথ্যমতে, লিমন ২০২৪ সালে এবং বৃষ্টি ২০২৫ সালে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ফ্লোরিডায় আসেন।