বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলমের দাখিল করা সম্পদবিবরণী যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য একজন কর্মকর্তাকে অনুসন্ধানকারী ও কমিশনের পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তাকে তদারককারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানান, আসলাম আলমের দাখিল করা সম্পদবিবরণী যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে দুদকের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালকের দপ্তর থেকে পাঠানো নথির পরিপ্রেক্ষিতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় অনুসন্ধান কর্মকর্তাকে সম্পদবিবরণী যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দেন এম আসলাম আলম। ২০১২ সালের নভেম্বরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন তিনি এবং তিন বছরের বেশি সময় বিভাগটির দায়িত্ব পালন করেন।
আসলাম আলম এর আগে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সরকারের সিনিয়র সচিব ছিলেন।