রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে বাংলাদেশে অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর চাপ বেড়েছে।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস সৌজন্য সাক্ষাৎ করতে এলে স্পিকার এ কথা জানান। জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্পিকার বলেন, প্রায় ১৫ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনডিপির সহায়তা কামনা করেন।
স্পিকার আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ইউএনডিপি কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশের সক্রিয় উন্নয়ন সহযোগী হিসেবে সংস্থাটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইউএনডিপি তাদের বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদের মাধ্যমে সম্পৃক্ত করে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।
বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে স্পিকার বলেন, ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এ দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনে বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, বাংলাদেশের সঙ্গে ইউএনডিপির সম্পর্ক সময়ের পরিক্রমায় আরও বিকশিত হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সংস্থাটি কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান সংসদ জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
স্টিফেন রড্রিকস বলেন, জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের জন্য বিভিন্ন পরিচিতিমূলক কোর্স ও প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা দিতে ইউএনডিপি সব সময় প্রস্তুত। বিশেষ করে সংসদ সদস্যদের মাধ্যমে লিঙ্গসমতা নীতি বাস্তবায়ন ও ই-পার্লামেন্ট চালুর ক্ষেত্রে সংস্থাটি বিশেষভাবে আগ্রহী।
সাক্ষাৎকালে বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের জন্য বিভিন্ন কর্মসূচি এবং জ্বালানি ইস্যু নিয়ে মতবিনিময় হয়।
এ সময় স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দল অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। সংসদের প্রতিটি বিলের আলোচনায় বিরোধী দল তাদের মতামত প্রকাশ করছে। বর্তমান সংসদের নারী সদস্যরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। সংসদীয় কার্যক্রমে তাদের ভূমিকা প্রশংসনীয়।
স্পিকার আরও জানান, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অধিবেশনে পরবর্তী চার বছরের জন্য এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ ইউএনডিপি ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।