জ্বালানি তেলের দাম বাড়ার পর স্পিডবোটের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। শান্ত ও অশান্ত নৌপথে চলাচলকারী স্পিডবোটের কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণের পাশাপাশি বিভিন্ন রুটের জনপ্রতি ভাড়াও ঠিক করা হয়েছে। নতুন ভাড়া বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর ২৭ বিধি অনুযায়ী স্পিডবোটের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শান্ত নৌপথে স্পিডবোটের প্রথম ১০ কিলোমিটারে প্রতি কিলোমিটারের ভাড়া ১৬ টাকা ৩৫ পয়সা। পরবর্তী ১০ কিলোমিটারে ১১ টাকা ৭৭ পয়সা এবং অবশিষ্ট দূরত্বে ৯ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হয়েছে। অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারে প্রতি কিলোমিটারের ভাড়া ১৮ টাকা ৫৩ পয়সা। পরবর্তী ১০ কিলোমিটার ও অবশিষ্ট দূরত্বে ভাড়া ১৬ টাকা ৩৫ পয়সা।
শান্ত নৌপথে আরিচা-কাজীরহাট রুটে জনপ্রতি ভাড়া ২৫৫ টাকা, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২৩৫ টাকা, কাজীরহাট-দৌলতদিয়া রুটে ১৪৫ টাকা, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ৩৭৫ টাকা এবং চরভদ্রাসন-মৈনট রুটে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আরিচা-নরাদহ রুটে ৩৫৫ টাকা, আরিচা-নাজিরগঞ্জ রুটে ১৭৫ টাকা, আরিচা-ধাওয়াপাড়া রুটে ২৫৫ টাকা, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে ৫০ টাকা, বরিশাল-ভেদুরিয়া রুটে ১৮৫ টাকা এবং লাহারহাট-ভেদুরিয়া রুটে ২৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বরিশাল অঞ্চলের সায়েস্তাবাদ-পাতারহাট রুটে ১৬৫ টাকা, আমতলী-পুরাকাটা রুটে ১৭৫ টাকা, ভেলুমিয়া-ধুলিয়া রুটে ২৫০ টাকা এবং ঘোষেরহাট-দশমিনা রুটে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পানপট্টি-পায়রা বন্দর রুটে ২৫০ টাকা, পানপট্টি-বাহেরচর রুটে ১৬৫ টাকা, পানপট্টি-আমড়াগাছিয়া রুটে ২২৫ টাকা, পানপট্টি-চরমোন্তাজ রুটে ২৬০ টাকা, পানপট্টি-চরবৃষ্টিন রুটে ২৯০ টাকা, পানপট্টি-চরমণ্ডল রুটে ২৯৫ টাকা, চরকাজল-বন্যাতলী রুটে ১২০ টাকা, পানপট্টি-কোড়ালিয়া রুটে ১৫৫ টাকা, গলাচিপা-রাঙ্গাবালী রুটে ৪১৫ টাকা, গলাচিপা-ফেলাবুনিয়া রুটে ৩৫৫ টাকা এবং চরমণ্ডল-গৈনখালী রুটে ১২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নরসিংদী-সলিমগঞ্জ রুটে ২৫৫ টাকা, নরসিংদী-মরিচাকান্দি রুটে ১৭৫ টাকা, ভৈরববাজার-নবীনগর রুটে ২৯৫ টাকা এবং মেঘাইঘাট-নাটুয়ারপাড়া রুটে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি-ফিশারীঘাট-মারিশ্যা রুটে ৯৩৫ টাকা, রাঙ্গামাটি-ফিশারীঘাট-মাইনি রুটে ৫৩০ টাকা, রাঙ্গামাটি-ফিশারীঘাট-জুড়াইছড়ি রুটে ৩৭৫ টাকা এবং রাঙ্গামাটি-ফিশারীঘাট-বরকল রুটে ৩৮৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
অশান্ত নৌপথে কলাপাড়া-মৌডুবি রুটে জনপ্রতি ভাড়া ১৯৫ টাকা, চরমোন্তাজ-পানপট্টি রুটে ৪৪৫ টাকা, চাঁদপুর-চেয়ারম্যানঘাট রুটে ২২৫ টাকা, মজুচৌধুরীর হাট-ইলিশা ঘাট রুটে ৩৫৫ টাকা এবং কুমিরা-গুপ্তছড়া রুটে ২৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া কক্সবাজারের ৬ নম্বর ঘাট-মহেশখালী রুটে ১০৫ টাকা, বয়ারচর (চেয়ারম্যানঘাট)-নলছিরা রুটে ৩৫৫ টাকা, মগনামা-বড়ঘোপ রুটে ৯৫ টাকা এবং মগনামা-দরবারহাট রুটে ৯৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত ভাড়ার তালিকা সব নদীবন্দরের টার্মিনাল, ঘাট ও নৌযানে প্রদর্শন করতে হবে। স্পিডবোটের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।