রাঙামাটির কাপ্তাই হ্রদের প্রকৃত মানচিত্র অনুসারে সীমানা জরিপ করে সেখানে থাকা অবৈধ স্থাপনার মালিকদের নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রাঙামাটির জেলা প্রশাসক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এই সংক্রান্ত রিটের সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিত আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ এই আদেশ দেন।
এ আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ২০২২ সালে হাইকোর্টের নির্দেশে রাঙামাটির জেলা প্রশাসক কাপ্তাই হ্রদের সীমানা জরিপ করে প্রতিবেদন দেন। হ্রদের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদনটি করা হয়। সে অনুযায়ী হাইকোর্ট আদেশ দিয়েছেন।