হোম > জাতীয়

নৌপরিবহন খাতে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিতের তাগিদ সংসদীয় কমিটির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদ ভবনে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

নৌপরিবহন খাতের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের অধীন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুকের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, মো. হাফিজ ইব্রাহিম, মো. মাহমুদুল হক রুবেল, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, মো. নাজমুল হুদা এবং আবদুল হান্নান মাসউদ।

জয়নুল আবদিন ফারুক বলেন, প্রায় ১৬ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে কমিটি ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।

জয়নুল আবদিন ফারুক বলেন, কাজে জবাবদিহিতা নিশ্চিত করা, সততার সঙ্গে দায়িত্ব পালন এবং সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে হবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারকে কর্মকর্তা-কর্মচারী ও কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বৈঠকে নৌপরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।