হোম > জাতীয়

শিশুদের কাছে স্বাধীনতা ও গণতন্ত্রের সঠিক ইতিহাস তুলে ধরবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, যাঁদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে, শিশুদের তাঁদের সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি।

আজ রোববার (৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে লেখক-সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ বই দুটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে প্রকাশনা সংস্থা ‘দশমিক’।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘বাচ্চাদের জন্য বাংলাদেশের আসল ইতিহাস, যাঁদের কারণে আমরা স্বাধীন দেশ ও গণতন্ত্র পেয়েছি, তাঁদের বিষয়ে পরবর্তী প্রজন্মকে জানানো খুব বেশি দরকার। তবে সে অনুপাতে ওভাবে বই, লেখনী বা চলচ্চিত্র হয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমরা সঠিক ইতিহাস তুলে ধরার জন্য কাজ করছি। এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতা করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্বদা প্রস্তুত রয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য এ জাতীয় বইগুলোর ইংরেজি অনুবাদ প্রকাশ করা দরকার, যাতে তারাও দেশের ইতিহাস ও ত্যাগী নেতাদের অবদান সম্পর্কে সহজে জানতে পারে।

প্রতিমন্ত্রী স্মৃতিচারণ ও ইতিহাস তুলে ধরে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, ‘আই রিভোল্ট’ না বলতেন, তবে হয়তো আজ আমরা স্বাধীন দেশ পেতাম না। একইভাবে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখে গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করেছেন। তাদের এই অবদান যদি আমরা নতুন প্রজন্মের কাছে না তুলে ধরি, তবে কালের বিবর্তনে তা হারিয়ে যেতে পারে। ”

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এই গণতন্ত্র ও ভোটাধিকার আমাদের রক্ষা করতে হবে।’

দেশে যেন পুনরায় ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেজন্য সর্বস্তরের জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর স্বত্বাধিকারী দীপান্ত রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, সংসদ সদস্য এস এম জিলানী, সংসদ সদস্য কে এম বাবর এবং সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার টপি এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন লেখক কালাম ফারায়েজি, বই দুটির লেখক সাংবাদিক সাবরিনা শুভ্রা, কবি মিন্টু হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আওয়াল।

মাসব্যাপী বৃক্ষমেলায় ১৬ কোটি টাকায় ১৬ লাখ চারা বিক্রি হয়েছে: পরিবেশ মন্ত্রী

মহাস্থানগড়ে নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা

রিজার্ভ চুরি: ৯৭ বার পেছাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশ

বাবুনগরে পৌঁছে হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

পুলিশের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক জটিল সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার ‘ভিসা অন অ্যারাইভাল’ ফেরাতে সহযোগিতার আশ্বাস

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার