হোম > জাতীয়

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি: মির্জা ফখরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দেশের অর্থনীতি বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে গেলেও দ্রুত তা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের অর্থনীতি পুনর্গঠনের এই যাত্রায় পোশাকশিল্প গুরুত্বপূর্ণ সহযাত্রী হিসেবে অগ্রণী ভূমিকা রাখবে।

আজ শুক্রবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশন (বিএজিএমএ) এই অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাকশিল্প। এই শিল্পের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। তাঁর হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। পোশাকশিল্পের ওপর ভিত্তি করেই বাংলাদেশ আগামী দিনে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।

বিগত সময়ের অর্থনৈতিক অব্যবস্থাপনার কথা উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের বিপুল পরিমাণ সম্পদ পাচারসহ নানা কারণে অর্থনীতি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। একটি দুর্বল অর্থনীতিকে পুনরুদ্ধার করে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। তবে সম্মিলিত প্রচেষ্টা থাকলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

অর্থনীতির টেকসই উন্নয়নের বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে পারে। বিশেষ করে, পোশাকশিল্পে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশিক্ষিত জনবল তৈরির উদ্যোগ নেওয়া হলে এ খাতের সক্ষমতা আরও বাড়বে। সরকার কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও বেসরকারি খাতের বিকাশে সব সময় সহযোগী ভূমিকা পালন করবে। একই সঙ্গে উদ্যোক্তাদের বিনিয়োগ, উৎপাদন ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তৈরি পোশাক খাতের বিদ্যমান সমস্যার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং ব্যাংকের উচ্চ সুদের হার উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে পোশাকশিল্পের সম্ভাবনা, নানাবিধ চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন এবং এই খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা বিস্তারিত আলোচনা করেন।