হোম > জাতীয়

৯৯৯-এ ফোনকলে মেঘনায় বিকল লঞ্চের ৮০ যাত্রী উদ্ধার ‎

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

‎মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বিকল হয়ে পড়া একটি লঞ্চের প্রায় ৮০ যাত্রীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় উদ্ধার করেছে নৌ পুলিশ।

গতকাল সোমবার বিকেলে মেঘনা নদীর গজারিয়া উপজেলার ষোলআনি এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সদরদপ্তর।

‎জাতীয় জরুরি সেবা ৯৯৯ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘মকবুল-২’ নামে একটি লঞ্চ মেঘনা নদীর ষোলআনি এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। লঞ্চটিতে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। এ সময় লঞ্চের যাত্রী সেলিম হোসেন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের অনুরোধ করেন। খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

‎পরে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমভি আল-মাহবুব’ নামে আরেকটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের সব যাত্রীকে নিরাপদে স্থানান্তর করা হয়।‎

‎জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানিয়েছে, নৌ পুলিশের দ্রুত পদক্ষেপে কোনো হতাহতের ঘটনা ছাড়াই যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।