হোম > জাতীয়

বাজেটে শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানে সর্বোচ্চ অগ্রাধিকার: জোনায়েদ সাকি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: ভিডিও থেকে নেওয়া

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক চাপের মধ্যেও কার্যকর পরিকল্পনা ও দক্ষ বাজেট প্রণয়নের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বুধবার শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোকে সরাসরি প্রকল্পে না নিয়ে আগে প্রোগ্রামে রূপান্তর করে একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিচ্ছিন্ন প্রকল্পের বদলে সমন্বিত উন্নয়ন কাঠামো তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় ১ হাজার ৩০০ চলমান প্রকল্প রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্প পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রকল্পের বিভিন্ন ধাপ ও একাধিক সংশোধনের কারণে এই রিভিউ প্রক্রিয়া জটিল এবং এতে সীমাবদ্ধতা রয়েছে।

শিক্ষাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জনে দক্ষ জনশক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা অপরিহার্য। এ জন্য শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বেতন-ভাতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে এবং তার ফলাফল মূল্যায়নের মাধ্যমে পদোন্নতির সঙ্গে যুক্ত করতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি শিক্ষার সম্প্রসারণেও জোর দেন তিনি।

প্রকল্প বাস্তবায়নে দুর্বলতার কথাও স্বীকার করেন সাকি। তিনি বলেন, অনেক ক্ষেত্রে বরাদ্দ থাকা সত্ত্বেও তা যথাযথভাবে ব্যয় করা যাচ্ছে না, যা দক্ষতা ও ব্যবস্থাপনার ঘাটতির ইঙ্গিত দেয়। পরিকল্পনা প্রণয়নে এক বছর ও পাঁচ বছরের লক্ষ্য নির্ধারণ করে অগ্রগতির একটি সুস্পষ্ট কাঠামো তৈরির কথা জানান তিনি। পাশাপাশি মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং নাগরিক সমাজের মতামত অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডেটা সংকট মোকাবিলায় রিয়েল-টাইম তথ্যভিত্তিক পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সঠিক তথ্য ছাড়া উন্নয়ন পরিকল্পনা কার্যকর করা সম্ভব নয়।

এলডিসি উত্তরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সময় বৃদ্ধি চাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি। এ জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। শিক্ষা খাত নিয়ে তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তি ছাড়া সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

লিবিয়ায় বাংলাদেশিদের বৈধকরণে সাধারণ ক্ষমার প্রস্তাব রাষ্ট্রদূতের

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দয়া করে আমাকে মহামান্য বলবেন না: সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এমপির মেয়াদ থাকা পর্যন্ত সরকারি গাড়ি চান হাসনাত

ফ্যাসিস্ট আমলের অর্থ পাচার-দুর্নীতির পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ হবে

ফ্যাসিস্ট আমলের ডিলারশিপ বাতিল করে সারের নতুন ডিলার নিয়োগ করবে সরকার

বিলম্বের কারণে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করল না ইসি