হোম > জাতীয়

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা হয়েছে ৩টি: ইসি সচিব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।’

আখতার আহমেদ আরও বলেন, ‘১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। সংসদ সচিবালয় থেকে তাঁদের একজন প্রতিনিধি থাকবেন। তাঁরা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।’

অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।’

তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে।

অলি আহমদের পক্ষে দ্বিতীয় মনোনয়নপত্র জমা

১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে দ্বিতীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংসদ সদস্য কামাল হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির মনোনয়নপত্র জমা দেওয়া শেষে অলি আহমেদের দ্বিতীয় মনোনয়নপত্র জমা দেন তাঁরা। তাতে প্রস্তাবক ছিলেন এনসিপির মাহমুদা মিতু ও সমর্থক ছিলেন জামায়াতের আবদুল বাতেন।

এর আগে সকালে অলি আহমেদের পক্ষে প্রথম মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা। তাতে প্রস্তাবক ছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও সমর্থক ছিলেন এনসিপির আবদুল্লাহ আল আমিন।