হোম > জাতীয়

আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুধবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। ছবি: সংগৃহীত

জমি কেনা, প্রকল্পের অনুমোদন কিংবা প্লট হস্তান্তর—বেসরকারি আবাসন খাতের প্রায় প্রতিটি পর্যায়েই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রভাবশালী আবাসন কোম্পানিগুলোর আইন লঙ্ঘন, রাজনৈতিক ছত্রচ্ছায়া ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জমির মালিক ও সাধারণ ক্রেতারা। এ খাতে অনিয়ম এখন অনেকটাই প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে মন্তব্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গবেষক অতনু দাসসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গবেষণায় বলা হয়েছে, বিদ্যমান আইন ও বিধিমালার ফাঁকফোকর, আইনের শিথিল প্রয়োগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার সুযোগ নিয়ে আবাসন কোম্পানিগুলোর মধ্যে ধারাবাহিকভাবে আইন লঙ্ঘনের প্রবণতা দেখা যাচ্ছে। ভূমি নির্বাচন, ক্রয় ও দখল থেকে শুরু করে প্রকল্প অনুমোদন এবং প্লট হস্তান্তর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পদ্ধতিগত অনিয়ম ও দুর্নীতি গড়ে উঠেছে।

এতে আরও বলা হয়, অপরাধপ্রবণতা, তথ্যপ্রবাহে বাধা, নাগরিক অংশগ্রহণ সীমিত রাখা এবং দুর্বল বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার কারণে একধরনের আইনি দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয়েছে। রাজনৈতিক ছত্রচ্ছায়া, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনিক অনানুষ্ঠানিক নেটওয়ার্কের সহায়তায় বড় ডেভেলপারদের একটি প্রভাবশালী স্বার্থান্বেষী বলয় গড়ে উঠেছে। এই বলয় নীতিনির্ধারণী প্রক্রিয়া ও নিয়ন্ত্রক কাঠামোর কার্যকারিতাকে প্রভাবিত করছে।

টিআইবির গবেষণায় বলা হয়, আবাসন কোম্পানিগুলোর অতিমুনাফার প্রবণতা এবং অনিয়ম-দুর্নীতির কারণে জমির মালিক ও সাধারণ ক্রেতারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একই সঙ্গে তাঁদের অধিকারও লঙ্ঘিত হচ্ছে। এসব সমস্যা শুধু ব্যক্তি পর্যায়ে ক্ষতির কারণ হচ্ছে না, বরং ঢাকা শহরের পরিবেশ সুরক্ষা, পরিকল্পিত নগরায়ণ, সবার জন্য সাশ্রয়ী আবাসন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথেও বাধা সৃষ্টি করছে।

গবেষণায় বেসরকারি আবাসন খাতে সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারের সুপারিশ করা হয়েছে। বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধনের মাধ্যমে ক্রেতা, জমির মালিক ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি পরিবেশ ও কৃষিজমি সংরক্ষণে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।

প্রকল্প অনুমোদন, ভূমি উন্নয়ন ও আবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) কেন্দ্র করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তিনির্ভর তদারকি, জিআইএসভিত্তিক তথ্য ব্যবস্থাপনা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।

আবাসন খাতে ভোক্তা সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রকল্প-সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ, বাধ্যতামূলক আর্থিক ও প্রাতিষ্ঠানিক নিরীক্ষা, কার্যকর অভিযোগ প্রতিকার এবং স্বাধীন বিরোধ নিষ্পত্তি কাঠামো গঠনের ওপরও গুরুত্ব দিয়েছে টিআইবি।

অন্যদিকে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে অবৈধ প্রকল্প, জলাশয় ও ভূমি দখল, অনুমোদনহীন বিজ্ঞাপন, নিয়মবহির্ভূত অর্থ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। সব আর্থিক লেনদেন আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।