আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সংলাপে আমন্ত্রণ পাচ্ছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের চার শরিক দল।
ইসি সূত্র জানায়, আগামী ২৯ নভেম্বর, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৯টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। একই সঙ্গে ১৪-দলীয় জোটের শরিক চার দল—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকে আমন্ত্রণের তালিকায় রাখা হয়নি।
ইসি সূত্র আরও জানায়, প্রথম দিনের সংলাপে বিএনপি ও জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ৩০ নভেম্বর দ্বিতীয় দিনে ১৮টি এবং ১ ডিসেম্বর শেষ দিনে আরও ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।
এবার নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
এদিকে হালনাগাদের পর ভোটার তালিকা আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত করা হবে। যাঁরা চূড়ান্ত ভোটার তালিকায় থাকবেন, তাঁরাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।