হোম > জাতীয়

সংসদীয় কমিটি: মুক্তিযুদ্ধের শহীদ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির সুপারিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরী সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। ছবি: জাতীয় সংসদ

মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ সোমবার জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়।

বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করার সুপারিশ করা হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধাকল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

মুক্তিযোদ্ধা সংসদকে সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছে কমিটি। বৈঠকে বলা হয়, মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। এ ছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ ব্যবস্থা নেওয়া এবং মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা যাতে প্রাপ্য সম্মান পান, সে বিষয়ে সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়।

কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. আবদুল হান্নান ও রোকেয়া বেগম।