হোম > জাতীয়

আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ছবি: পিএমও

আপনজনদের জন্মদিনে শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। পরিবেশ ভালো হলে সবারই লাভ।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

শিক্ষার্থীদের পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে। মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে।

এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা ও ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী জানান, সরকার দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতেও অংশ নিতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করে। এ সময় তারা সংসদ অধিবেশনও প্রত্যক্ষ করে।

সংসদ ভবন পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেয়, সংসদ লাইব্রেরি ঘুরে দেখে এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেয়।