হোম > জাতীয়

ইলিশের ডিম ছাড়ার হার কমেছে ১২%

• এ বছর ইলিশের ডিম ছাড়ার হার প্রায় ৪০%

• ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও মা ইলিশ শিকার হয়েছে

• নদীতে নজরদারি ও সমন্বয়ের ঘাটতি ছিল

• আগামী মৌসুমে ইলিশের উৎপাদন কমার আশঙ্কা

খান রফিক, বরিশাল

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার পরও প্রত্যাশিত হারে ডিম ছাড়েনি ইলিশ। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রাথমিক পর্যবেক্ষণে এবার মা ইলিশের ডিম ছাড়ার হার পাওয়া গেছে প্রায় ৪০ শতাংশ, যা গত তিন বছরের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ কম। নিষেধাজ্ঞার মধ্যেও নির্বিচারে ইলিশ শিকার, নজরদারির ঘাটতি ও সমন্বয়হীনতাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে ইলিশের প্রজনন সাফল্য নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। মৎস্যজীবী ও ব্যবসায়ীদের আশঙ্কা, এর প্রভাব পড়তে পারে আগামী মৌসুমের উৎপাদন ও ইলিশের বাজারে। প্রশ্ন উঠেছে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যক্রম নিয়েও।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তায়েফা আহমেদ আজকের পত্রিকাকে বলেন, তিনি নিজে চার-পাঁচ দিন নদীতে নেমেছেন। তাঁর টিম ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুর, ভোলার ইলিশা, মনপুরা, হাতিয়ায় মা ইলিশ নিয়ে পর্যবেক্ষণ করেছে। তাঁদের প্রাথমিক গবেষণামতে, মা ইলিশের এবার ডিম ছাড়ার প্রবণতা কোথাও ৩০ শতাংশ, কোথাও ৩৫, আবার কোথাও সর্বোচ্চ ৪০ শতাংশ পাওয়া গেছে। তাঁরা দেখেছেন, জাল ফেলে ধরা পাঁচটি ইলিশের মধ্যে তিনটিতে ডিম পাওয়া গেছে। নিষেধাজ্ঞার প্রথম দিন ৮ অক্টোবর বৈরী আবহাওয়ায়ও চাঁদপুর সদরে জাল ফেলতে গিয়ে দেখেছেন দুটি ইলিশের একটি মেল, আরেকটি ফিমেল। ধরা পড়া মা ইলিশ বিবেচনায় নিয়ে তাঁরা ধারণা করেন যে কত শতাংশ ডিম ছেড়েছে। সে অনুযায়ী, এবার প্রায় ৪০ শতাংশ মা ইলিশ ডিম ছাড়তে পারে।

যদিও গত বছর ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সারা দেশে মা ইলিশের প্রজনন সফলতার (ডিম ছাড়ার) হার ছিল ৪৯ দশমিক ২৭ শতাংশ। আগের বছর ইলিশের ডিম ছাড়ার সক্ষমতা ছিল ৫২ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ৫২ দশমিক ২ শতাংশ।

মেঘনাঘেরা হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, এবার মা ইলিশের ডিম ছাড়ার প্রবণতা কমেছে। কারণ, এ বছর ততটা ইলিশ সংরক্ষণ করা যায়নি এবং সংশ্লিষ্ট সব মহল সহযোগিতা করেনি। তা ছাড়া মা ইলিশ সংরক্ষণবিষয়ক প্রকল্প না থাকায় আর্থিক সংকট দেখা দেয়। তিনি বলেন, ‘সরকারের উচ্চপর্যায় থেকে যদি বলা হতো যে মেঘনায় কেউ নামতে পারবে না, তাহলে কি মাছ ধরতে পারত কেউ?’ আসলে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে মনে করেন মাহফুজ।

নিষেধাজ্ঞার পর ৩০ অক্টোবর বরিশাল পোর্ট রোড মৎস্য মোকাম ঘুরে দেখা গেছে, মাঝারি সাইজের ইলিশে তখনো ডিম ছিল। নিষেধাজ্ঞা শেষে পোর্ট রোডসহ দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য মোকাম ভোলার চরফ্যাশনের সামরাজ ঘাট, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুর ঘাটে বোট ভরে শত শত মণ পচা ইলিশ আসে। নিষেধাজ্ঞার সময় এভাবে ইলিশ ধরায় পচা মাছের ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনায় বরিশাল মৎস্য অধিদপ্তর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান মৎস্য অধিদপ্তরের বরিশালের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান বলেন, ‘তদন্তে ওই সব ঘাটে পচা ইলিশ ল্যান্ডিংয়ের প্রমাণ মিলেছে। নিষেধাজ্ঞার সময় এভাবে নির্বিচারে মা ইলিশ নিধন করায় নদ-নদীতে কম ডিম ছেড়েছে মাছ।’

মৎস্য ব্যবসায়ী এবং জেলেরা আশঙ্কা করছেন, এর প্রভাব আগামী মৌসুমে পড়তে পারে। পোর্ট রোড ইলিশ মোকামের আড়তদার নাসির উদ্দিন বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে ইলিশের উৎপাদন খুব বেশি বাড়েনি। এখনো ডিম আছে মাছে। এবার যেভাবে মাছ কম, তেমনটা চলতে থাকলে ব্যবসায় ধস নামতে পারে।’ হিজলা, মেহেন্দীগঞ্জ এবং চন্দ্রমোহনের কালাবদর নদীর জেলেরাও একই ধরনের আশঙ্কা করছেন।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক কামরুল হাসান বলেন, ‘আসলে জলবায়ু পরিবর্তন কিংবা আবহাওয়ার কারণে ডিম ছাড়ার প্রবণতা হ্রাস পেয়েছে। নিষেধাজ্ঞার সময় নির্ধারণ এ ক্ষেত্রে অনেকাংশে নির্ভর করে।’