সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেন, ‘চিত্রশিল্পী এস এম সুলতান শুধু আমাদের নড়াইল বা পদ্মা পারের মানুষের কাছে নয়, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে এস এম সুলতান একজন অনন্য চিত্রশিল্পী। আমরা এ বছর থেকে সুলতান সম্মাননা পদক প্রদান চালু করেছি। এ ছাড়া স্কুলভিত্তিক আয়োজনের দিকে আমাদের দৃষ্টি থাকবে।’
আজ সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিল্পী এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা ও শিশু স্বর্গ এবং জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল–স্থানীয় ২০ জন শিল্পীর অংশগ্রহণে আর্টক্যাম্প, শিশু স্বর্গের তিন শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন উৎসব ও প্রদর্শনী, ‘সুলতান সম্মাননা পদক’ প্রদান, এস এম সুলতানের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘এসএম সুলতানের ভাবনা অনুযায়ী, ছোট ছোট স্কুলের বাচ্চারা, গ্রামের ছেলেমেয়েরা যদি চিত্রকর্মে উৎসাহিত হয় এবং তাদের যদি সুযোগ সৃষ্টি করে দেওয়া যায় তাহলে তারা চিত্রাঙ্কনে আগ্রহী হবে। তারা পড়াশোনা এবং আর্টের পাশাপাশি অন্যান্য শিল্পচর্চাও করবে। মাথা তুলে দাঁড়াতে পারবে। এটা আমরা গুরুত্ব সহকারে অনুভব করি।’
অনুষ্ঠানে বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় শিল্পী, গবেষক, লেখক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছাপচিত্র শিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য শিল্পসাধনা, সৃজনশীলতা এবং বাংলাদেশের শিল্পাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’ প্রদান করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের এমপি মো. আতাউর রহমান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবং এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার সভাপতি ড. মোহাম্মদ আবদুল ছালাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
সুলতান বিষয়ক আলোচনা ‘এস এম সুলতান: জীবন ঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’-এ মুখ্য আলোচক হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ও শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম। অনুষ্ঠানে স্বাগত দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।