হোম > জাতীয়

জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি পরিশোধের সুযোগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ রেলওয়ের ভূমি, পুকুর, জলাশয়, নার্সারিসহ অন্যান্য সম্পত্তির লিজগ্রহীতাদের হালনাগাদ হারে লাইসেন্স ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই এ ফি পরিশোধ করা যাবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নীতিমালা বা বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ‘বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা, ২০২০’-এর ৫২, ৫৩ ও ৫৪ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে লিজ ও লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গত ২৪ সেপ্টেম্বর জারি করা হয়। প্রজ্ঞাপনটি গত বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

এর ফলে রেলওয়ের ভূমি, পুকুর, জলাশয়, নার্সারিসহ অন্যান্য সম্পত্তির লিজগ্রহীতারা গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের লাইসেন্স ফি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিনা জরিমানায় পরিশোধ করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ইতিমধ্যে পরিশোধ করা লাইসেন্স ফি পরবর্তী মেয়াদের দাবির সঙ্গে সমন্বয় করা যাবে।

রেলওয়ের সম্পত্তি রক্ষা এবং রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।