হোম > জাতীয়

গুলশানে ফ্ল্যাট দুর্নীতির মামলা: টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৬ মে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৬ মে দিন ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তারিখ ধার্য করেন। এ মামলার অপর আসামি হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশারফ হোসেন।

আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ গঠন বিষয়ে শুনানি না নিয়ে আদালত নতুন তারিখ ধার্য করেন। দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে টিউলিপসহ দু’জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে আদালত গত ১৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তাঁরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২-এর ফ্ল্যাট দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।

চলতি বছরের জুলাই মাসে মামলা তদন্তে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। তাঁর রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। স্থগিতাদেশটি আপিল বিভাগে বহাল থাকায় তাঁর বিরুদ্ধে তদন্ত স্থগিত রয়েছে।

গত বছর ১১ ডিসেম্বর তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

উল্লেখ্য মা ও ভাই-বোনদের তিনটি প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় ইতিমধ্যে টিউলিপ সিদ্দিককে প্রতি মামলায় দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার অন্য একটি বিশেষ জজ আদালত।

আট জেলা: বন্যার পর ছড়িয়ে পড়ছে রোগবালাই

ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিতে চীনে যাচ্ছেন মন্ত্রী মাহবুব আনাম

জেনারেল মঞ্জুরের কথায় ৪০ জন অফিসার হাত তুলে সমর্থন জানালেন

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি: মির্জা ফখরুল

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জেও সতর্কতা

পুরোনো প্রকল্প নিয়ে বিতর্ক, নতুন সফটওয়্যারে দুদক

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: ফখরুল

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

ঢাকায় জুলাই মামলা: অভিযোগপত্রের তিন গুণ চূড়ান্ত প্রতিবেদন