হোম > জাতীয়

পোশাক খাতের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভাটি আগামী ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১১টায় এই সভা হবে বলে আজ মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের এক নোটিসে জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে— গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন সম্পর্কিত বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও সভা শুরুর দুই ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব করার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়।

পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম সভা হয়।