হোম > জাতীয়

ফ্যাসিস্টদের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এসব অপতৎপরতায় সরকার শঙ্কিত নয়।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ আইসিটি ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের রায়ের প্রেক্ষাপটে তথাকথিত কর্মসূচি দিয়েছে। সেটা মনে হয় আজকে ২০ তারিখ ‘লকডাউন’ না কি নাম দিয়েছে। সেটাকে উদ্দেশ্য করেই কিছু রাজধানীতে ককটেলবাজি করেছে রাতের অন্ধকারে দুই-একটি জায়গায়। এখানে লকডাউন কি দৃশ্যমান হয়েছে? এগুলো জাতি প্রত্যাখ্যান করছে। ”

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্য বা কর্মসূচিতে সরকার শঙ্কিত নয়।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলের বিরুদ্ধে ১৪০০ মানুষের প্রাণহানি ও গণহত্যার অভিযোগ তুলে বলেন, জাতিসংঘের প্রতিবেদনে এ বিষয়ে তথ্য রয়েছে। সরকারের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা দুই হাজারের বেশি বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গণহত্যাকারী অশুভ আওয়ামী লীগের যারা নিষিদ্ধ এখন, তারা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নাই, ভুল স্বীকার করে নাই। উচ্চবাচ্য করছে বিদেশে বসে, তাদের এ সমস্ত অপতৎপরতায় আমরা মোটেই শংকিত না। এই জাতি তাদেরকে কখনো এই দেশে, কখনো রাজনৈতিকভাবে গ্রহণ করবে না। তারা ডিসেম্বরে ফিরবে বলে না ফেব্রুয়ারিতে ফিরবে বলে, এগুলোতে আমাদের কোনো মনোযোগ নাই।’

বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ তথ্য দিতে পারবে। তবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্য একাধিকবার ভারত সরকারের কাছে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় অনুরোধপত্র পাঠানো হয়েছে এবং বিষয়টি অনুসরণ করা হচ্ছে। ভারত সরকার বিষয়টি আমলে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিরোধী দলের লং মার্চ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিরোধী দলের সমালোচনা সরকার গুরুত্বের সঙ্গে নেয়। তাদের দাবি নিয়ে লং মার্চ করা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। সরকারের দায়িত্ব হচ্ছে তারা যাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারে, সে বিষয়ে সহযোগিতা করা।

বিরোধী দলের তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব নিয়ে সংসদে আলোচনা হয়েছে এবং কমিটি গঠন করে পরামর্শও নেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নিজস্ব কারণে সৃষ্টি হয়নি; মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়েই জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে। পার্শ্ববর্তী বিভিন্ন দেশে দাম প্রায় দ্বিগুণ বাড়লেও বাংলাদেশে তুলনামূলকভাবে কম বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।

গ্যাস সংকটের জন্য আগের সরকারের সময়ের নীতির সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা হলেও পর্যাপ্ত গ্যাসের সংস্থান করা হয়নি। দেশের অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানেও যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিদেশ সফর এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘে অংশগ্রহণের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই। তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের পক্ষে সেখানে বক্তব্য দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধী দলের লং মার্চের কর্মসূচি আগে থেকেই নির্ধারিত ছিল। অন্যদিকে ককটেল বিস্ফোরণসহ কিছু ঘটনা আইসিটি ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়া হিসেবে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে হয়েছে বলে তাদের মনে হয়েছে। বিরোধী দলের কর্মসূচির সঙ্গে এসব ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা সাংবাদিকদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি।