বয়স ৩৫ বছরের বেশি হলে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ করে দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করতে উদ্যোগ নিতে বলেছি।’
এ সময় পাশ থেকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সিদ্ধান্ত হয়েছে। পরে আইনমন্ত্রী বলেন, ‘অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা এই পেশাটাকে একটা জায়গায় আনতে চাচ্ছি।’
আজ মঙ্গলবার আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্টার্নশিপ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, চলতি বছরের ১৯ আগস্ট বার কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে—৩৫ বছরের বেশি বয়সী কেউ আইন পেশায় আসতে পারবেন না। তবে এই সিদ্ধান্ত ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।