হোম > জাতীয়

কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: পিএমও

কোনো একক দেশ বা সরকারের পক্ষে এ মানব পাচার অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের সমন্বিত অংশীদারত্বের মাধ্যমেই মানব পাচার কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ ভবনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ‘বিশ্ব মানব পাচারবিরোধী দিবস’ উপলক্ষে ‘লিসেন’ (LISTEN) শীর্ষক আলোকচিত্র গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভন কাজে লাগিয়ে সক্রিয় আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর মানব পাচার প্রতিরোধে বিশেষ সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচার শুধু একজন মানুষের স্বাধীনতা ও মর্যাদাকেই ধ্বংস করে না, এটি সমাজের ভিত্তিকেও আঘাত করে। প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে সরকার কাজ করছে।

চলতি বছরের ‘বিশ্ব মানব পাচারবিরোধী দিবস’-এর প্রতিপাদ্য ‘Trapped Behind the Scam’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো এখন সীমান্ত পার করে মানুষকে প্রতারণামূলক কাজ, সাইবার স্ক্যাম ও দাসত্বমূলক শ্রমে বাধ্য করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই ‘Countering Cyber Enabled Human Trafficking through Technology’ শীর্ষক একটি বিশেষ সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর মাধ্যমে ডিজিটাল মাধ্যমে পরিচালিত পাচার কার্যক্রম দ্রুত শনাক্ত, আইনি ব্যবস্থা গ্রহণ এবং উদ্ভাবনী উপায়ে ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের সমন্বিত অংশীদারত্বই পারে এই ব্যাধি নির্মূল করতে। তিনি এই উদ্যোগের জন্য আইওএম এবং আর্থিক সহায়তাকারী সংস্থা ‘কইকা’ (KOICA)-কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক (অপারেশনস) উগোচি ড্যানিয়েলস, কইকা (KOICA) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারোল ফ্লোর-স্মেরেসনিয়াকসহ বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ‘লিসেন’ শীর্ষক আলোকচিত্র গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। উল্লেখ্য, ‘লিসেন’ দেশে মানব পাচারের শিকার নারী, পুরুষ ও শিশুদের অভিজ্ঞতা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে নির্মিত প্রথম তথ্যচিত্রভিত্তিক আলোকচিত্র গ্রন্থ।

তিন বছরেও শেষ হয়নি দুবাইয়ের ‘গোল্ডেন ভিসাধারী’ ৪৫৯ বাংলাদেশির বিরুদ্ধে অনুসন্ধান

বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি নিয়ে রুল

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা চালু

কক্সবাজারের ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধ করতে নোটিশ

ফ্যাসিবাদী সরকারের লুটপাটে বিধ্বস্ত জ্বালানি খাত পুনর্গঠনে সময় প্রয়োজন: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুয়ার খুলতে পারে ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে থাকবে ইসলামী আন্দোলন

মানবতাবিরোধী অপরাধের আরও ২ মামলায় জিয়াউল-তারেক সাঈদকে হাজিরের নির্দেশ

অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চাই না—বিদ্যুৎ ও গ্যাস-সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী