জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-বিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন তিনি।
আজ সকাল সাড়ে ১০টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর, বিশেষ করে, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। কপ৩১-এর চলমান আলোচনাপ্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এ সময় বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
রোহিঙ্গা সংকটের বিষয়ে তারেক রহমান বলেন, এ সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান তিনি। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।