সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও অনেক ভুল ও সীমাবদ্ধতা ছিল। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের দায়িত্ব তাঁদেরই নেওয়া উচিত ছিল।
আজ শনিবার রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মুনসুন থিয়েটারে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এম সাখাওয়াত হোসেন বলেন, তাঁরা ভেবেছিলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই এসব সংস্কার বাস্তবায়ন করবেন। কিন্তু তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক সরকারের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা কঠিন। রাজনৈতিক চাপ ও নানা স্বার্থের কারণে সরকার সহজে এসব উদ্যোগ নিতে পারে না। তবে তাই বলে পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই।
সাখাওয়াত হোসেন বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এ জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচনে টাকার প্রভাব কমানো এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
নির্বাচনী ব্যবস্থার সংস্কারে সুজন দীর্ঘদিন ধরে কাজ করছে উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রার্থীদের তথ্য প্রকাশ, নির্বাচনী ব্যয় কমানো, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা আনা জরুরি।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নানা বাধা ও হুমকির মধ্যেও কাজ করে যাচ্ছে। বর্তমানে সারা দেশে সুজনের সদস্যসংখ্যা ২০ হাজারের বেশি। স্বৈরাচারী শাসনের পতন এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পথ তৈরি করতেও সংগঠনটি ভূমিকা রেখেছে।
বদিউল আলম মজুমদার বলেন, ভোটারদের কাছে প্রার্থীদের তথ্য পৌঁছে দেওয়ার কাজ সুজন অনেক আগে থেকেই শুরু করে। ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো পোস্টার আকারে গ্রাম, চায়ের দোকান ও জনসমাগমের স্থানে টাঙানো হয়েছিল। এতে ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে ইতিবাচক পরিবর্তন আসে।
বদিউল আলম মজুমদার বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনসংক্রান্ত আইন বা আরপিও পুনর্লিখনের কাজেও সুজন যুক্ত ছিল। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকার আইন সংস্কারের বিষয়েও সুজন আদালত ও নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করেছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়মের তথ্য সংগ্রহেও তথ্য অধিকার আইন ব্যবহার করেছে সংগঠনটি। এসব কাজের মূল লক্ষ্য হলো নাগরিকদের সচেতন করা এবং রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করা।
বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই। নাগরিকদের সচেতন, সক্রিয় ও প্রতিবাদী হতে হবে। শুধু পরিবর্তন চাইলে হবে না, পরিবর্তনের জন্য সুস্পষ্ট পদক্ষেপও নিতে হবে। সুজন একটি নাগরিক কর্মী তৈরির সংগঠন। এর সঙ্গে যুক্ত সবাইকে নিজেরা সক্রিয় হওয়ার পাশাপাশি অন্যদেরও সম্পৃক্ত করতে হবে। এভাবেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সুশাসনের জন্য নাগরিকদের মধ্যে জাগরণ তৈরি করা সম্ভব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন বিচারপতি এম এ মতিন। তিনি বলেন, গণতন্ত্র কার্যকর করতে শক্তিশালী স্থানীয় সরকার ও সংগঠিত নাগরিক সমাজ প্রয়োজন। জনগণের মতামত সংগঠিত করতেই সুজনের মতো সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রার্থীদের হলফনামা প্রকাশের ঐতিহাসিক রায় বাস্তবায়ন এবং নির্বাচনে প্রার্থীদের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সুজনের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) প্রেসিডেন্ট মুনিরা খান বলেন, গত ২৪ বছরে বাংলাদেশের মানুষ সুজনের কার্যক্রম সম্পর্কে ভালোভাবে জেনেছে। নাগরিকদের কী করা উচিত এবং কোন পথে এগোনো দরকার, সুজন সব সময় তা মনে করিয়ে দিয়েছে। তিনি সংগঠনটির প্রশংসা করেন এবং এর সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানান।
আলোচনায় আরও বক্তব্য দেন উদ্যোক্তা ও সংগঠক ফাহিম মাসরুর এবং প্রকাশনা প্রতিষ্ঠান ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে সুজনের সঙ্গে অতীতে যুক্ত থাকা প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন সংগঠনটির প্রোগ্রাম অফিসার মৌটুসি সরকার। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।