দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নে বড় ধরনের উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, উন্নত নজরদারি প্রযুক্তি সংযোজন এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো সরকারের নির্বাচনী ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। কাজের পুনরাবৃত্তি ও বিচ্ছিন্নতা কমানো এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে একই ধরনের প্রকল্পগুলো একীভূত করে বৃহত্তর কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা বর্তমানে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের মধ্যে ১৭টিই অবকাঠামো উন্নয়নসংক্রান্ত।
চলমান প্রকল্পগুলোর বিপরীতে সরকার মোট ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসব প্রকল্পে ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। অর্থ ব্যয়ের এই ধীরগতি প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
চলমান প্রকল্পের বাইরে সংশোধিত এডিপি কাঠামোর আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা নতুন করে আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। ২০৩০-৩১ সালের মধ্যে এসব প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ পুলিশের জন্য। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা পুনরুদ্ধার ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্বের বিষয়টি প্রতিফলিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।
এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে সরকার।
আধুনিকায়ন পরিকল্পনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সীমান্ত এলাকায় নজরদারি ও অপারেশনাল প্রস্তুতি জোরদারে অবকাঠামোগত সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়ন।
নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং উন্নত ল্যাবরেটরি সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা করছে বাহিনীটি।
এ ছাড়া ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার একটি প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়নেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে সমুদ্র নিরাপত্তা জোরদার এবং নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। পাশাপাশি ১৩টি উচ্চগতির বোট কেনার একটি পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সরকারের উন্নয়ন কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো জরুরি সাড়াদান বা রেসপন্স সক্ষমতা বাড়ানো। এ লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণের পরিকল্পনা করেছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনাসহ অতিরিক্ত অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে দেশের সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
এ ছাড়া খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কারাগারের অবকাঠামোগত উন্নয়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পগুলোর আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ঐতিহাসিক পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের বিষয়টিও উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্ট উদ্যোগগুলোর ব্যাপকতা থেকে স্পষ্ট, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি, উন্নত অবকাঠামো এবং শক্তিশালী অপারেশনাল সক্ষমতার সমন্বয়ে নতুনভাবে সাজাতে চায় সরকার। পুলিশের যানবাহন ও থানা অবকাঠামো থেকে শুরু করে সীমান্ত নজরদারি, সমুদ্র নিরাপত্তা, জরুরি সাড়াদান, মাদকাসক্তি নিরাময়, ফরেনসিক সক্ষমতা এবং কারা ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।