হোম > জাতীয়

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: বিএনপি-জামায়াতকে সহিংসতা বন্ধের আহ্বান টিআইবির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটি বলেছে, তদন্ত কমিটি গঠন বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ না রেখে সহিংসতার প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে।

আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে টিআইবি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী কোনোভাবেই রাজনৈতিক দায় এড়িয়ে যেতে পারে না। অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত ও আচরণে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।

ইফতেখারুজ্জামান বলেন, নিজেদের সংগঠনে এসব পরিবর্তন নিশ্চিত না করলে রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। রাজনৈতিক নেতৃত্বকে উপলব্ধি করতে হবে, নিজেদের দলের নেতা-কর্মীদের আচরণের কারণে তাঁরা ক্রমাগত জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

রাবিতে হামলা প্রতিরোধে প্রশাসনের ব্যর্থতাকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব ক্ষয়ের বৃহত্তর প্রেক্ষাপটের অংশ হিসেবে উল্লেখ করেছে টিআইবি। সংগঠনটির মতে, উপাচার্য ও শিক্ষকদের পদত্যাগের দাবি, ক্যাম্পাসে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা, দখলবাজি ও পেশিশক্তির প্রদর্শনসহ বিভিন্ন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্রকাশ পেয়েছে।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের ন্যায়বিচার চাওয়া ও শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অধিকার সুরক্ষিত রাখতে হবে। উপাচার্য বা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্ত ও নিয়মতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। তবে পদত্যাগের দাবি আদায়ে দলীয় প্রভাব, ভয়ভীতি বা বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়।

রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের একটি অংশ এমনভাবে ক্ষমতাধর হয়ে উঠবে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব পালন করতে পারবে না এবং পুলিশ আইন প্রয়োগে ব্যর্থ হবে—এ পরিস্থিতি চলতে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। তাঁর মতে, বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে আইন ও বিধি অনুযায়ী, দলীয় শক্তির দাপটে নয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের ব্যর্থতার কারণ অনুসন্ধান করে দায় নির্ধারণের দাবি জানিয়েছে টিআইবি। রাজনৈতিক চাপ বা অসহায়ত্বের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে সংস্থাটি বলেছে, রাজনৈতিক পরিচয় যেন অপরাধের সুরক্ষাকবচ না হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।