পাঁচ দিনের সরকারি সফরে আজ রোববার তুরস্ক গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক সরকারের আমন্ত্রণে তিনি এই সফরে গেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষাবিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।