হোম > জাতীয়

ট্রেনে সার পরিবহন বন্ধ দুই বছর ধরে

• খাদ্যশস্য পরিবহনের আয় কমেছে ৯৭ শতাংশ।

• জ্বালানি তেল পরিবহনে আয় কমেছে ৫৫.৮ শতাংশ।

• চলতি অর্থবছরের প্রথম তিন মাসেও সার ও খাদ্যশস্য পরিবহনে ট্রেন চলেনি।

• পাঁচ বছরে কনটেইনার পরিবহনে আয় কমেছে ৪৬ কোটি টাকা।

তৌফিকুল ইসলাম, ঢাকা

বিভিন্ন গুদাম ও বিপণনকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে গত দুই অর্থবছরে রেলপথে কোনো সার পরিবহন হয়নি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেও এ খাতে কোনো ট্রিপ দেয়নি রেলওয়ে। শুধু সার নয়, খাদ্যশস্য পরিবহনও প্রায় বন্ধের পথে। জ্বালানি তেল ও কনটেইনার পরিবহনেও কমেছে রেলের কার্যক্রম ও আয়।

রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার অভ্যন্তরীণ নথিতে এসব তথ্য উঠে এসেছে। নথির তথ্য বিশ্লেষণে দেখা যায়, সার, জ্বালানি তেল, খাদ্যশস্য ও কনটেইনারের মতো গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনে রেলের কার্যক্রম সংকুচিত হয়েছে। এতে এসব খাতে রেলের আয় কমছে। লোকোমোটিভ সংকটে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি রেলওয়ের।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ২৫টি ট্রিপের মাধ্যমে ৬২৯টি ওয়াগনে ৪৯ হাজার ২৪৭ টন সার পরিবহন করেছিল রেলওয়ে। এ থেকে আয় হয়েছিল ২ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৮১ টাকা।

২০২২-২৩ অর্থবছরে সার পরিবহনে ট্রিপের সংখ্যা কমে দাঁড়ায় ১০টিতে। ওই বছর ২৩০টি ওয়াগনে ৯ হাজার ৮ টন সার পরিবহন করে আয় হয় ৯৯ লাখ ৩৪ হাজার ৯০৯ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ৭টি ট্রিপে ১৫৩টি ওয়াগনে ৫ হাজার ৬০৯ টন সার পরিবহন করা হয়। আয় হয় ৬১ লাখ ৫১ হাজার ৯৪৮ টাকা।

এরপর ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে রেলপথে সার পরিবহন পুরোপুরি বন্ধ ছিল। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেও কোনো সার পরিবহন করা হয়নি। ফলে টানা দুই অর্থবছর এবং চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাত থেকে কোনো আয় হয়নি রেলের।

সার পরিবহনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে রেলপথে সার পরিবহনের ট্রিপ কমেছে ৭২ শতাংশ, ওয়াগন ৭৫ দশমিক ৭ শতাংশ এবং সারের পরিমাণ ৮৮ দশমিক ৬ শতাংশ। একই সময়ে এ খাতে রেলের আয় কমেছে ৭০ দশমিক ২ শতাংশ।

খাদ্যশস্য পরিবহনের আয় কমেছে ৯৭ শতাংশ

সার পরিবহনের পাশাপাশি খাদ্যশস্য পরিবহনেও রেলের কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার পথে। ২০২১-২২ অর্থবছরে ৫০টি ট্রিপে ৫৯ হাজার ৬৬৩ টন খাদ্যশস্য পরিবহন করে আয় হয়েছিল ৪ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে ৩৯টি ট্রিপে আয় হয় ৪ কোটি ৪৯ লাখ টাকা।

২০২৩-২৪ অর্থবছরে ৮০টি ট্রিপ পরিচালিত হলেও খাদ্যশস্য পরিবহনের পরিমাণ কমে ৪৫ হাজার ২৫০ টনে নেমে আসে। ওই বছর আয় হয় ৩ কোটি ৫৫ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে ২০টি ট্রিপে ১৯ হাজার ১৫৯ টন খাদ্যশস্য পরিবহন করে আয় হয় ১ কোটি ৫৫ লাখ টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরে মাত্র ৩টি ট্রিপে ১ হাজার ৮ টন খাদ্যশস্য পরিবহন করে রেলওয়ে। এতে আয় হয় মাত্র ১০ লাখ ৯৫ হাজার টাকা।

পাঁচ বছরের ব্যবধানে খাদ্যশস্য পরিবহনে ট্রিপ কমেছে ৯৪ শতাংশ, খাদ্যশস্যের পরিমাণ কমেছে ৯৮ দশমিক ৩ শতাংশ এবং আয় কমেছে ৯৭ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাতে কোনো ট্রিপ পরিচালিত হয়নি।

জ্বালানি তেল পরিবহনেও বড় পতন

রেলের পণ্য পরিবহনের আরেকটি গুরুত্বপূর্ণ খাত জ্বালানি তেল। এ খাতেও গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে পরিবহন কার্যক্রম ও আয়। রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ৬২৬টি ট্রিপে ১১ হাজার ১৪০টি ওয়াগনে ৩ লাখ ৩৩ হাজার ৮২ টন জ্বালানি তেল পরিবহন করে আয় হয়েছিল ২৯ কোটি ৪৮ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে ৯৫৩টি ট্রিপে ১৩ হাজার ৯৪টি ওয়াগনে ৪ লাখ ২ হাজার ৬১৩ টন তেল পরিবহন করে আয় হয় ৩২ কোটি ৭১ লাখ টাকা।

২০২৩-২৪ অর্থবছরে ৮৮৯টি ট্রিপে ১২ হাজার ৫২০টি ওয়াগনে ৩ লাখ ৮০ হাজার ১১৭ টন তেল পরিবহনে আয় হয় ৩১ কোটি ১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে ৬৪৭টি ট্রিপে ৮ হাজার ৯৪৪টি ওয়াগনে ২ লাখ ৬০ হাজার ৪৬৫ টন তেল পরিবহন করে আয় হয় ১৯ কোটি ৭২ লাখ টাকা।

২০২৫-২৬ অর্থবছরে ৩২১টি ট্রিপে ৭ হাজার ৪৮০টি ওয়াগনে ১ লাখ ৬১ হাজার ৩২৮ টন তেল পরিবহনে আয় হয় ১৪ কোটি ৪৫ লাখ টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে ১১২টি ট্রিপে ১ হাজার ১৯৯টি ওয়াগনে ১২ হাজার ৯৯৩ টন তেল পরিবহন করে আয় হয়েছে ৪০ লাখ ২৫ হাজার টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে জ্বালানি তেল পরিবহনে ট্রিপ কমেছে ৬৩২টি বা প্রায় ৬৬ দশমিক ৩ শতাংশ। ওয়াগনের সংখ্যা কমেছে ৫ হাজার ৬১৪টি বা প্রায় ৪২ দশমিক ৯ শতাংশ। পরিবাহিত তেলের পরিমাণ কমেছে ২ লাখ ৪১ হাজার ২৮৫ মেট্রিক টন বা প্রায় ৬০ শতাংশ। এ সময়ে আয় কমেছে ১৮ কোটি ২৬ লাখ ৩ হাজার ৪৫ টাকা বা প্রায় ৫৫ দশমিক ৮ শতাংশ।

পাঁচ বছরে কনটেইনার পরিবহনে আয় কমেছে ৪৬ কোটি টাকা

২০২১-২২ অর্থবছরে ১ হাজার ৯৪৫টি ট্রিপে ১ লাখ ২ হাজার ৯৭ টিইইউ কনটেইনারে ১৫ লাখ ৫৬ হাজার ৩২৪ টন পণ্য পরিবহন করে রেলের আয় হয়েছিল ১১৩ কোটি ৫৮ লাখ টাকা। পরের তিন অর্থবছরে আয় কিছুটা কমলেও ২০২৪-২৫ অর্থবছরে বড় পতন ঘটে। ওই বছর আয় নেমে আসে ৭৭ কোটি ৫৩ লাখ টাকায়। ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ১৩৫টি ট্রিপে ৪৩ হাজার ৭৫ টিইইউ কনটেইনারে ৫ লাখ ৮ হাজার ৪৯১ টন পণ্য পরিবহন করে আয় হয় ৬৭ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে কনটেইনার পরিবহনে ট্রিপ কমেছে ৮১০টি বা ৪১ দশমিক ৬ শতাংশ, পরিবাহিত কনটেইনার কমেছে ৫৭ দশমিক ৮ শতাংশ এবং আয় কমেছে ৪৬ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৭৩৪ টাকা বা প্রায় ৪১ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে ২৩৭টি ট্রিপে ১১ হাজার ৪৬৮ টিইইউ কনটেইনারে ৭৪ হাজার ১৩ টন পণ্য পরিবহন করে আয় হয়েছে ১৫ কোটি ২৩ লাখ টাকা।

রাজস্বের সুযোগ হারাচ্ছে রেল

পণ্যবাহী ট্রেনের ট্রিপ কমা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় রেলের রাজস্ব আয় কমছে। নথিতে লোকোমোটিভ সংকটকে পণ্য পরিবহন কমার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে চাহিদা হ্রাস, সড়কপথের সঙ্গে প্রতিযোগিতা ও পরিচালনাগত ত্রুটিও এ পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা সীমিত। দেশের মোট পণ্য পরিবহনের মাত্র ৩ শতাংশ রেলের মাধ্যমে হয়। লোকোমোটিভ সংকট ও মোংলা বন্দরের সীমিত কার্যক্রমের কারণে পণ্য পরিবহন কমেছে। এ সক্ষমতা বাড়াতে ২০২৯ সালের মধ্যে ৬০টি লোকোমোটিভ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৮০টি লোকোমোটিভ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।’

বুয়েটের অধ্যাপক শামসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রেলের কনটেইনার পরিবহনে আয় কমার পেছনে লোকোমোটিভ সংকটসহ নানা সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে। কিন্তু প্রকল্প নেওয়ার সময় এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়নি কেন? সম্ভাব্যতা সমীক্ষায় যেসব আয় ও সেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা অর্জিত না হলেও রেলওয়েকে জবাবদিহি করতে হচ্ছে না। প্রকল্পের প্রতিশ্রুতি অনুযায়ী সুফল না পাওয়ার কারণ খতিয়ে দেখতে সংসদীয় স্থায়ী কমিটির শুনানি হওয়া উচিত। জনগণের অর্থ ব্যয়ে নেওয়া প্রকল্পের দায়বদ্ধতা নিশ্চিত না হলে এ ধরনের ব্যর্থতা চলতেই থাকবে।’