মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামি হিটু শেখের আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার রায় দেবেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ঠিক করে দেন।
হিটু শেখের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
গত বছরের মার্চে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মাগুরার একটি গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। আট দিন হাসপাতালে অচেতন থাকার পর গত বছরের ১৩ মার্চ মৃত্যু হয় শিশুটির। ওই সময় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন।
ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় গত বছরের ৮ মার্চ শিশুটির মা চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলায় দ্রুত বিচার শেষে ১৭ মে রায় দেন আদালত। রায়ে শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালাস পান অন্য তিনজন।
রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি পাঠানো হয় হাইকোর্টে। গত ৮ জুন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলার পেপারবুক প্রস্তুত হয়ে বিজিপ্রেস থেকে হাইকোর্টে আসে। ১১ আগস্ট থেকে শুরু হয় শুনানি।